গৌরনদী (বরিশাল) থেকে মোঃ তাইয়্যেব গোমস্তা।
বরিশালের গৌরনদীতে একটি গ্রাম্য সালিশের দুই দিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, সালিশের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গিতা। তবে তার বাবা জানিয়েছেন, গিতা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের ঘেয়াঘাট গ্রামের। গিতা ওই গ্রামের দিনমজুর গোপাল চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় বাসিন্দা, মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে একই এলাকার লক্ষণ শীলের ছেলে সঞ্জয় শীলের সঙ্গে গিতা রানীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা শাখা-সিঁদুর ও মালা বদল করে কথিত বিয়ে করেন। প্রায় দেড় মাস আগে গিতা একটি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর সঞ্জয় গিতা ও তার সন্তানকে মেনে নিতে চাইছিলেন না বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ও হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির উদ্যোগে প্রথম দফায় গ্রাম্য সালিশ বসে। সালিশে গিতা রানীকে স্ত্রী হিসেবে এবং তার কন্যাসন্তানকে মেনে নিয়ে বাড়িতে তুলে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সালিশ শেষে সঞ্জয় ও তার পরিবারের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে গিতা ও তার নবজাতক কন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে পরে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে সঞ্জয় এলাকা থেকে আত্মগোপন করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, এ নিয়ে গত ১১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সঞ্জয়ের সঙ্গে গিতা রানীর সম্পর্ক ছিন্ন করার বিনিময়ে গিতাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনেরা।
তাদের অভিযোগ, প্রথম দফার সালিশে গিতাকে বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরে দ্বিতীয় দফার সালিশে তাকে স্বামীর অধিকার ও সন্তানের স্বীকৃতি দেওয়ার পরিবর্তে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই গিতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি।
রোববার বিকেলে গিতা অসুস্থ হয়ে পড়লে তাকে বাটাজোর সুইজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে গিতার বাবা গোপাল চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল।’
বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমি কোনো সালিশ করিনি। এমনকি এ ধরনের কোনো রায়ও আমি দিইনি।’
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘গ্রামবাসী গিতা রানীর মৃত্যুকে রহস্যজনক দাবি করায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।’
সোমবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়ে ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে