
খোকসা উপজেলা সংবাদদাতা
দেশের জনগণ ইতোমধ্যে যথাযথভাবে সংস্কারের পক্ষে তাদের সুনির্দিষ্ট রায় প্রদান করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, এই রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের পথ বেছে নেওয়া হয়েছে।
শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলমান জ্বালানি সংকটের ভেতরে লংমার্চের মতো কর্মসূচি পালন করে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল অপচয় করা হচ্ছে। এটি কেবল সম্পদের অপচয়ই নয়, বরং জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের পাশাপাশি বিরোধী দলের বিগত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভা শেষে তিনি খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।